
মঞ্জু পাটোয়ারী, স্টাফ রিপোর্টার:
ভোলার বোরহানউদ্দিনে ৫৫০ গ্রাম গাঁজাসহ মো: জসিম বেপারী (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম পরিচালনাকালে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ০১:০০ ঘটিকায় বোরহানউদ্দিন পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম বাজার ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত জসিম বেপারী ওই এলাকার মো: হানিফ বেপারীর ছেলে।
আদালত সূত্রে জানা যায়, আটককৃত আসামি নিজের দোষ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ০৪ (চার) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২,০০০ (দুই হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে নৌবাহিনীর একটি টিম এবং বোরহানউদ্দিন থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
বোরহানউদ্দিনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস বলেন, “জনস্বার্থে আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”