গভীর রাতে পুলিশ আটকে ৩ গাড়িতে ডাকাতি

Khan Arif
প্রকাশিত May 25, 2025, 16:08 PM
গভীর রাতে পুলিশ আটকে ৩ গাড়িতে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: হবিগঞ্জের বানিয়াচংয়ে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থলে টহলরত পুলিশ উপস্থিত হলে তাদের গাড়িতে জিম্মি করে রাখে ডাকাত দল। শনিবার দিবাগত রাত ১টার দিকে বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কের কুন্ডুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার দিবাগত গভীর রাতে আনুমানিক ১৫-১৬ জনের ডাকাত দল রাস্তায় বৈদ্যুতিক খুঁটি ফেলে ব্যারিকেড দেয়। রাস্তায় চলাচলকারী দুটি পিকআপ ও একটি প্রাইভেট গাড়ি আটক করে। এ সময় বানিয়াচং থানা-পুলিশের একটি টহলদল ঘটনাস্থলে উপস্থিত হয়। তবে ডাকাতেরা গাড়িতেই টহল পুলিশদের জিম্মি করে রাখে।

ফলে পুলিশ গাড়ি থেকে বের হতে পারেনি। এরপর গাড়ি তিনটিতে ডাকাতি করে ডাকাতেরা চলে যায়। এ সময় ডাকাতেরা দেড় লাখ টাকা, কয়েকটি মোবাইল ফোন নিয়ে যায়। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ডাকাতির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি। পুলিশের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....