রাতের আঁধারে সরকারি রাস্তার গাছ চুরি

Khan Arif
প্রকাশিত June 11, 2025, 15:27 PM
রাতের আঁধারে সরকারি রাস্তার গাছ চুরি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বগুড়া শাজাহানপুর উপজেলায় রাতের অন্ধকারে সরকারি রাস্তার দুপাশের ইউক্যালিপটাস গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার (১০ জুন) গভীর রাতে উপজেলার খরনা ইউনিয়নের দেশমা গ্রামের ভাদাই সেতুর পূর্ব ও পশ্চিম পাশের নির্জন এলাকা থেকে ৯টি পুরোনো ইউক্যালিপটাস গাছ কেটে নিয়ে যান তিনি।

জানা গেছে, স্থানীয় একজন মোবাইলে গাছ কাটার দৃশ্য ধারণ করেন। রাতের অন্ধকারে টর্চ লাইট জ্বালিয়ে গাছগুলো কেটে নেওয়া হয়। পরে কাটা গাছগুলো আবর্জনা দিয়ে ঢেকে রাখা হয়। কাটা গাছগুলোর বাজার মূল্য প্রায় এক লাখ টাকা। কেটে ফেলা কিছু গাছের অংশ বীরগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বাবলু রহমানের ফার্নিচার ও স’ মিলে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মিলের মালিক বাবলুর রহমান বলেন, সাইফুল ইসলাম কিছু গাছ আমার মিলে রেখেছে। কোথা থেকে গাছগুলো এনেছে আমি বলতে পারব না। জানতে চাইলে সাইফুল ইসলাম বলেন, গাছগুলো আমি কেটেছি। গাছগুলো আমার খুব প্রয়োজন ছিল তাই কেটেছি, আমার ভুল হয়েছে। শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাইফুর রহমান বলেন, রাস্তার গাছ কাটার বিষয়ে আমার জানা নেই। তবে তদন্ত সাপেক্ষে গাছ কাটার প্রমাণ পেলে অবশ্যই আইনি ব্যবস্থা নেব।

সংবাদটি শেয়ার করুন....