ভারতে যাওয়ার সময় আটক আ.লীগ নেতা

Khan Arif
প্রকাশিত June 29, 2025, 18:37 PM
ভারতে যাওয়ার সময় আটক আ.লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশন থেকে একাধিক হত্যা মামলার আসামি মো. সানোয়ারুজ্জামান যোশেফ (৫২) আটক হয়েছেন। রোববার (২৯ জুন) সকাল ১০টায় আটক হন তিনি। এ সময় তার সঙ্গে তার স্ত্রী ছিলেন।

যোশেফ নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি ইউপির সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য। জানা গেছে, যোশেফ মেডিকেল ভিসায় বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে যাচ্ছিলেন। এ সময় তার ডাটাবেজ যাচাই করে একাধিক মামলা পাওয়ায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে।

বেনাপোল ইমিগ্রেশনের উপপরিদর্শক জাকারিয়া হোসেন জানান, যোশেফ ভারতে যাওয়ার সময় তার ডাটাবেজ যাচাইয়ে দেখা যায়, তার নামে একাধিক মামলা রয়েছে। পরে তাকে আটক করা হয়। বেনাপোল ইমিগ্রেশন ওসি ইলিয়াছ হোসাইন মুন্সি বিষয়টি নিশ্চিত করে বলেন, একাধিক মামলার আসামি যোশেফ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

তিনি ভারত যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে এসেছিলেন। তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাছেল মিয়া বলেন, ইমিগ্রেশনে আটক যোশেফকে থানায় আনা হয়েছে। তার নামে নেত্রকোনা ও খালিয়াজুড়ি থানায় মামলা থাকায় ওই থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন....