
খান আরিফ,
বরিশাল নগরীর টিটিসি (কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র) এলাকার ভেতর থেকে একটি পুরনো মানব কঙ্কাল উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (তারিখ২৭/১২/২০২৫) বিকেলে টিটিসি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আশপাশে ঘোরাফেরার সময় এক ব্যক্তি পরিত্যক্ত স্থানে মানুষের মাথার একটি অংশের মতো কঙ্কাল দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে অবহিত করেন।
সংবাদ পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালের ওই অংশটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত কঙ্কালটি অনেকদিন আগের এবং এটি মানুষের মাথার একটি অংশ।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার এক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, কঙ্কালটি পুরনো বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এটি মানব কঙ্কাল কি না এবং এর সঙ্গে কোনো অপরাধের সংশ্লিষ্টতা আছে কি না, তা নিশ্চিত হতে কঙ্কালটি ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।
পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।