
প্রতিনিধি, মোঃ জামাল হোসেন খান,
বরিশাল শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬: সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে বিভাগীয় পর্যায়ে স্থায়ী প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে বরিশালের বাকেরগঞ্জ স্টেডিয়াম প্রাঙ্গণে বিএমএসএফ বাকেরগঞ্জ শাখা আয়োজিত এক সমাবেশের উদ্বোধনী সভায় তিনি এই আহ্বান জানান।
উদ্বোধনী বক্তব্যে আহমেদ আবু জাফর বলেন, “সময়ের সঙ্গে সঙ্গে সাংবাদিকতার ধরন ও চ্যালেঞ্জ বদলে যাচ্ছে। তথ্যপ্রযুক্তির দ্রুত অগ্রগতি, ডিজিটাল প্ল্যাটফর্মের বিস্তার এবং ভুয়া তথ্যের ঝুঁকি মোকাবিলায় সাংবাদিকদের আরও দক্ষ, সচেতন ও প্রশিক্ষিত হওয়া জরুরি। এজন্য রাজধানীকেন্দ্রিক প্রশিক্ষণের পরিবর্তে বিভাগীয় পর্যায়ে স্থায়ী প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা এখন সময়ের দাবি।”
তিনি আরও উল্লেখ করেন যে, সমাজের বিভিন্ন পেশাজীবীদের জন্য জেলা বা বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষণের ব্যবস্থা থাকলেও সাংবাদিকদের জন্য তা কেবল ঢাকা কেন্দ্রিক। ফলে মফস্বল পর্যায়ের সাংবাদিকরা আধুনিক জ্ঞান ও প্রয়োজনীয় প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছেন। এর ফলে তারা অনেক সময় পেশাগত ঝুঁকি, আইনি জটিলতা এবং নিরাপত্তাহীনতার মুখে পড়েন। বিভাগীয় পর্যায়ে কেন্দ্র গড়ে উঠলে সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যম আইন ও নৈতিকতা বিষয়ে নিয়মিত প্রশিক্ষণের সুযোগ তৈরি হবে।
বিএমএসএফ সভাপতি জোর দিয়ে বলেন, দক্ষ মানবসম্পদ ছাড়া সাংবাদিকতার মানোন্নয়ন সম্ভব নয়। একটি শক্তিশালী ও দায়িত্বশীল গণমাধ্যম গড়ে তুলতে সাংবাদিকদের প্রশিক্ষণে রাষ্ট্র, গণমাধ্যম মালিক এবং পেশাজীবী সংগঠনগুলোকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজ। তিনি সাংবাদিকদের উত্থাপিত ১৪ দফা দাবির প্রতি সংহতি প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএমএসএফ’র কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জিয়াউদ্দিন তৌহিদ, যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু, আরিফ রহমান, সহ-সম্পাদক এম আমির হোসাইন, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক আফসার উদ্দিন মৃধা, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সদস্য জামাল হোসেন খান, বরিশাল জেলা (উত্তর) কমিটির সভাপতি এস এম মিজান এবং বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আতাউর রহমান রোমান।
বিএমএসএফ’র বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি জিয়াউল হক আকনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম পলাশ। সভায় বক্তারা সাংবাদিকদের অধিকার সুরক্ষা, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং প্রশিক্ষণভিত্তিক সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ওপেন কনসার্ট অনুষ্ঠিত হয়।