• ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে ভাঙাড়ির দোকানে ৮ হাজার নতুন সরকারি বই জব্দ, দোকান সিলগালা

Khan Arif
প্রকাশিত মার্চ ২, ২০২৬, ১২:২৬ অপরাহ্ণ
শেরপুরে ভাঙাড়ির দোকানে ৮ হাজার নতুন সরকারি বই জব্দ, দোকান সিলগালা

নিজস্ব প্রতিবেদক,

শেরপুরে একটি ভাঙাড়ির দোকান থেকে বিপুল পরিমাণ মাদ্রাসার সরকারি পাঠ্যবই জব্দ করেছে উপজেলা প্রশাসন।

রোববার (১ মার্চ) সন্ধ্যায় শহরের নওহাটা এলাকায় মেসার্স রোকেয়া আয়রন স্টোর থেকে মাদ্রাসার বিভিন্ন শ্রেণির প্রায় ৮ হাজার সরকারি বই জব্দ করা হয়। দোকানটির মালিক শহরের বাগরাকসা এলাকার বাসিন্দা আব্দুর রহিম অপু। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে দোকানটি সিলগালা করে দেয়।

এলাকাবাসীর অভিযোগ, শহরের নওহাটা এলাকায় আব্দুর রহিম অপুর মালিকানাধীন রোকেয়া আয়রন স্টোরে দীর্ঘদিন থেকে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন বই অবৈধভাবে কেনাবেচা হতো। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা স্থানীয় গণমাধ্যমকর্মী ও গোয়েন্দা সংস্থার সদস্যদের জানান। পরে রোববার সন্ধ্যায় ওই দোকানে অভিযান চালিয়ে এক ভ্যানগাড়ি ভর্তি ২০২৫ সালের মাদ্রাসার নতুন বই জব্দ করে উপজেলা প্রশাসন ও পুলিশ। পরে দোকানের গুদামের ভেতর আরও বইয়ের সন্ধান পাওয়া যায়। এদিকে পরিস্থিতি টের পেয়ে সটকে পড়েন ভাঙাড়ি দোকানের মালিক ও কর্মচারীরা।

তবে ওই দোকানের ভ্যানগাড়ি চালক তজি মিয়া জানান, আমি এই গুদামের ভ্যানগাড়ি চালাই। মালিক বইগুলো আনতে বলেছিলেন। বইগুলো সরকারি কি-না- সেটা আমি জানি না।

স্থানীয় বাসিন্দা সিদ্দিক আহমেদ জানান, গত বছর বইয়ের সংকটের কারণে একেক শিক্ষার্থীকে ৩/৪টি করে বই দেওয়া হয়েছিল। অথচ এরাই নতুন বই লুকিয়ে রেখে কৃত্রিম সংকট তৈরি করেছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সদর থানার এসআই সুশান্ত বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্যানগাড়িসহ নতুন বইগুলো জব্দ করে থানায় নেওয়া হয়েছে। আর ইউএনও মহোদয় গুদামটি সিলগালা করে রেখেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক জানান, খবর পেয়ে ভ্যানগাড়ির বইগুলো জব্দ করে থানায় নেওয়া হয়েছে। বইগুলো সদর উপজেলার কোনো মাদ্রাসার হতে পারে। ঘটনা তদন্তে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বলা হয়েছে। তদন্তসাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....