
নুরুল্লাহ সিকদার,
“সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে”—এই স্লোগানকে সামনে রেখে ২০২৬ সালের কর্মসূচি বাস্তবায়নে নানামুখী সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে ‘ইস্পাত বন্ধন’ সংগঠন। প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও সংগঠনের পক্ষ থেকে রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়।
এবার মোট ৪০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাঁদের মূল লক্ষ্য। ইফতার বিতরণের পাশাপাশি সংগঠনটি নিয়মিত বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
মানবিক এই কার্যক্রমের অংশ হিসেবে সংগঠনটি ইতিমধ্যে রাস্তার নিরাপত্তা নিশ্চিত করতে স্পিডব্রেকার স্থাপন, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগ বাস্তবায়ন করেছে।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক জুবায়ের হোসেন জিসান বলেন, “মানবিক মূল্যবোধ থেকেই আমাদের এই পথচলা। ভবিষ্যতেও আমরা সমাজের কল্যাণে এভাবেই কাজ করে যাব।”
সাধারণ সম্পাদক সজীব আল হাসান দোলন বলেন, “সমাজের প্রতিটি মানুষের জন্য কাজ করাই আমাদের মূল অঙ্গীকার।”
সভাপতি মাহবুব আলম সংগঠনের এই ধারা অব্যাহত রাখতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। ত্রাণ বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসান লিমন কর্মসূচি বাস্তবায়নে সার্বিক তদারকি ও সহযোগিতা করেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আগামীতেও জনকল্যাণমূলক ও মানবিক এ সকল কর্মসূচি অব্যাহত থাকবে।