
নিজস্ব প্রতিবেদক,
বাংলাদেশ পুলিশ-এ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য আজ বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। দেশের ৬৪ জেলার যোগ্য পুরুষ ও নারী প্রার্থীদের কাছ থেকে এই পদে আবেদন আহ্বান করা হয়েছে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা, যা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে।
তবে এ নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট কতজন কনস্টেবল নেওয়া হবে তা উল্লেখ করা হয়নি। সম্প্রতি দায়িত্ব গ্রহণের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুলিশের বিভিন্ন স্তরে জনবলসংকটের বিষয়টি তুলে ধরেন। গত ২৩ ফেব্রুয়ারি অধীনস্থ বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে বৈঠকের পর তিনি জানান, পুলিশের প্রায় সব পর্যায়েই জনবলের ঘাটতি রয়েছে। এ পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে অন্তত ২ হাজার ৭০১টি কনস্টেবলের শূন্য পদ পূরণের নির্দেশ দেন তিনি। এছাড়া ২৬ ফেব্রুয়ারি পুলিশ সার্জেন্টের আরও ১৮০টি শূন্য পদেও দ্রুত নিয়োগ দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
নিয়োগের জন্য প্রার্থীদের প্রথমে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। ফরম পূরণ শেষে প্রার্থীরা একটি ইউজার আইডি পাবেন এবং ৪৮ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বর থেকে নির্ধারিত ফি জমা দিতে হবে। এরপর ইউজার আইডি ব্যবহার করে দুটি এসএমএস পাঠিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে বাছাই করে নির্দিষ্টসংখ্যক প্রার্থীকে প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের মাধ্যমে শারীরিক মাপ, কাগজপত্র যাচাই এবং শারীরিক সক্ষমতা পরীক্ষা বা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে (পিইটি) অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। এই পরীক্ষায় দৌড়, পুশ-আপ, লং জাম্প, হাই জাম্প, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিংসহ বিভিন্ন ধাপ অন্তর্ভুক্ত থাকবে।
শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের ওপর মোট ৪৫ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষার জন্য আলাদাভাবে অনলাইনে আবেদন করতে হবে এবং ফি নির্ধারণ করা হয়েছে ৫৬ টাকা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তী ধাপে ১৫ নম্বরের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
এরপর প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করা হবে। সব ধাপ সফলভাবে শেষ করার পর প্রশিক্ষণ কেন্দ্রে যোগদানের মাধ্যমে চূড়ান্তভাবে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হবে।
অনলাইন আবেদন শুরু হয়েছে ৫ মার্চ সকাল ১০টা থেকে এবং আবেদন করা যাবে ৩১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।