বিশ্বকাপের নিরাপত্তা নিশ্চিতে মেক্সিকোর ‘প্ল্যান কুকুলকান’: মোতায়েন হচ্ছে ১ লাখ রক্ষী

Khan Arif
প্রকাশিত March 7, 2026, 13:23 PM
বিশ্বকাপের নিরাপত্তা নিশ্চিতে মেক্সিকোর ‘প্ল্যান কুকুলকান’: মোতায়েন হচ্ছে ১ লাখ রক্ষী

নিজস্ব প্রতিবেদক,

যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে ২০২৬ ফুটবল বিশ্বকাপের সহআয়োজক মেক্সিকোও। তবে দেশটিতে গত মাসে সহিংসতার ঘটনার পর বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তাই বিশ্বকাপকে সামনে রেখে প্রায় ১ লাখ নিরাপত্তাকর্মী নিয়োগ দেওয়ার কথা ভাবছে দেশটির সরকার।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিশ্বকাপ নিরাপদভাবে আয়োজনের পরিকল্পনা উপস্থাপন করেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম।

ফিফা এবং প্রেসিডেন্ট শেইনবাউম উভয়েই জানিয়েছেন, চলমান সহিংসতা বিশ্বকাপ আয়োজনকে প্রভাবিত করবে না, যদিও টুর্নামেন্ট উপলক্ষে লাখো দর্শনার্থী মেক্সিকোতে আসবেন বলে আশা করা হচ্ছে।

মেক্সিকোর নিরাপত্তা পরিকল্পনার নাম দেওয়া হয়েছে ‘প্ল্যান কুকুলকান’; যা মায়া সভ্যতার সর্পদেবতার নাম থেকে নেওয়া। এই পরিকল্পনার আওতায় আয়োজক শহরগুলো ও আশপাশের পর্যটন এলাকাগুলোতে মোট ৯৯ হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন বিশ্বকাপ সমন্বয় কেন্দ্রের প্রধান রোমান ভিলালভাজো বারিয়োস।

এই বাহিনীর মধ্যে থাকবেন প্রায় ২০ হাজার সেনা সদস্য, ৫৫ হাজার পুলিশ কর্মকর্তা এবং বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠানের সদস্যরা। এছাড়া নিরাপত্তা ব্যবস্থায় থাকবে প্রায় ২,৫০০ সামরিক ও বেসামরিক যান, ২৪টি বিমান, অ্যান্টি-ড্রোন ব্যবস্থা এবং বিস্ফোরকসহ অন্যান্য বিপজ্জনক পদার্থ শনাক্ত করতে প্রশিক্ষিত কুকুর।

 

সংবাদটি শেয়ার করুন....