
দৈনিক বরিশালের চোখ-এর পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন প্রকাশক ও সম্পাদক খান আরিফ।
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ বার কাউন্সিলের এমসিকিউ, রিটেন ও ভাইভা পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়ে অ্যাডভোকেট হলেন সাংবাদিক মোঃ বেলাল হোসেন সিকদার।
সাংবাদিক মোঃ বেলাল হোসেন সিকদার চরমোনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসা থেকে কামিল (এমএ) পাস করেন। পরবর্তীতে বরিশাল বিএম কলেজ থেকে বিএ (অনার্স) ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এরপর বরিশাল ল কলেজ থেকে এলএলবি সম্পন্ন করে বাংলাদেশ বার কাউন্সিলের সকল পরীক্ষায় প্রথমবারেই সফলতার সাথে উত্তীর্ণ হয়ে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হন।
সাংবাদিক মোঃ বেলাল হোসেন শিকদার দীর্ঘ প্রায় এক যুগ ধরে সুনাম ও দক্ষতার সাথে সংবাদকর্মীর দায়িত্ব পালন করে আসছেন। তিনি বরিশালের বিভিন্ন স্থানীয় পত্রিকার স্টাফ রিপোর্টার, সিনিয়র স্টাফ রিপোর্টার, ব্যবস্থাপনা সম্পাদক, যুগ্ম সম্পাদক ও নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালে গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সাথে পালন করে আসছেন।
অ্যাডভোকেট ও সাংবাদিক মোঃ বেলাল হোসেন সিকদার অনুভূতি ব্যক্ত করে বলেন, “আমি দীর্ঘদিন সাধ্যমতো চেষ্টা করেছি সংবাদকর্মী হিসেবে বস্তুনিষ্ঠ সংবাদ পাঠকের কাছে তুলে ধরার; সাদা কে সাদা আর কালোকে কালো হিসেবে উপস্থাপনা করার চেষ্টা করেছি। বর্তমানে আমি বাংলাদেশ বার কাউন্সিল থেকে অ্যাডভোকেট সনদ প্রাপ্ত হয়ে বরিশাল জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত হয়েছি।”
তিনি আরও বলেন, “সত্য, ন্যায়, ইনসাফ, দেশ, জাতি, মানবতা ও ইসলামের পক্ষে যেন আইনি সেবা প্রদান করতে পারি, সেজন্য সকলের কাছে দোয়ার আবেদন করছি।”
ব্যক্তিগত জীবনে অ্যাডভোকেট বেলাল হোসেন সিকদারের শ্রদ্ধেয় পিতা ১০ বছর পূর্বে ইন্তেকাল করেন। বর্তমানে তার পরিবারে স্ত্রী, এক কন্যা, মমতাময়ী মা, দুই ভাই ও এক বোন রয়েছে।