সাংবাদিক পুলকের মৃত্যুর তিন দিন পর বকেয়া ১০ লাখ টাকা দিল সমকাল

Khan Arif
প্রকাশিত September 15, 2026, 19:52 PM
সাংবাদিক পুলকের মৃত্যুর তিন দিন পর বকেয়া ১০ লাখ টাকা দিল সমকাল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

 

দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর তিন দিন পর তার পরিবারের কাছে বকেয়া পাওনা বাবদ ১০ লাখ টাকা পরিশোধ করেছে সমকাল কর্তৃপক্ষ।

তার স্ত্রী প্রিয়াঙ্কা চ্যাটার্জির ব্যাংক হিসাবে সোমবার ওই অর্থ জমা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সমকালের বর্তমান বরিশাল ব্যুরো প্রধান সুমন চৌধুরী।
এর আগে শুক্রবার সন্ধ্যায় বরিশাল নগরের প্যারারা রোডে সমকালের কার্যালয় থেকে ৫৭ বছর বয়সী পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার করে পুলিশ।

তিনি দীর্ঘদিন সমকালের বরিশাল ব্যুরো প্রধানের দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের মে মাসে তাঁকে প্রতিষ্ঠানটি থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর তিনি বেকার ছিলেন বলে জানিয়েছেন স্বজনেরা।

পুলক চ্যাটার্জির মৃত্যুর পর তার লেখা কয়েকটি চিরকুট উদ্ধারের কথা জানায় পুলিশ।

এর একটি চিরকুটে সমকাল কার্যালয়ে গচ্ছিত তার পাওনা টাকা পরিবারের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ করা হয়েছিল বলে জানা গেছে। সেখানে সহকর্মী সুমন চৌধুরীর উদ্দেশে ওই অর্থ পরিবারের কাছে হস্তান্তরের কথা বলা হয়।

পুলক চ্যাটার্জি বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র মেয়ে প্রকৃতিকে রেখে গেছেন।

পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। তবে চিরকুটের সত্যতা যাচাই ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সংবাদটি শেয়ার করুন....