বরিশালে দারিদ্র্যের হার সর্বোচ্চ ধস নেমেছে অর্থনীতিতে
Khan Arif
প্রকাশিত September 15, 2026, 21:34 PM
বরিশালে দারিদ্র্যের হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেশের আটটি বিভাগের মধ্যে অঞ্চলটি এখন সবচেয়ে পিছিয়ে পড়া জনপদে রূপ নিয়েছে। একসময়ের প্রবাদতুল্য ‘বাংলার শস্যভাণ্ডার’ ও নদীবিধৌত বাণিজ্যের কেন্দ্রভূমি বরিশাল ঐতিহ্য হারিয়ে এখন কর্মসংস্থানহীন ও অর্থনৈতিক সংকটে জর্জরিত এক ভৌগোলিক সীমায় পরিণত হয়েছে। জাতীয় গড়ের চেয়ে এ অঞ্চলে দারিদ্র্যের বিস্তার অনেক বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ দারিদ্র্য মানচিত্র অনুযায়ী, জাতীয় পর্যায়ে দারিদ্র্যের সামগ্রিক গড় ১৯ দশমিক ২ শতাংশ হলেও বরিশাল বিভাগে তা দাঁড়িয়েছে ২৬ দশমিক ৬ শতাংশে।
এতদিন রংপুরকে দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ হিসেবে বিবেচনা করা হলেও বর্তমানে সেই অবস্থান দখল করেছে দক্ষিণাঞ্চল। কাজের তীব্র সংকটের মুখে এ অঞ্চলের ১৮ দশমিক ৬২ শতাংশ স্থায়ী অধিবাসী রাজধানী ঢাকায় পাড়ি জমিয়েছেন, যাদের অধিকাংশই মানবেতর জীবন কাটাচ্ছেন ঢাকার বিভিন্ন বস্তিতে। কৃষিপ্রধান অঞ্চল হওয়া সত্ত্বেও জলবায়ুর বিরূপ প্রভাবে ধান ও মৎস্য উৎপাদনে বড় ধরনের পতন ঘটেছে। পরিসংখ্যান ব্যুরোর হিসাবে, ২০২৪-২৫ অর্থবছরে বিভাগে আউশ উৎপাদন আগের বছরের চার লাখ ৩০ হাজার টন থেকে কমে তিন লাখ ৭৪ হাজার টনে নেমে আসে এবং একই ধারাবাহিকতায় আমন উৎপাদনও হ্রাস পেয়েছে।