মুলাদীতে কৃষক কবির বেপারীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা: ১৩ জনের বিরুদ্ধে মামলা, ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

Khan Arif
প্রকাশিত September 16, 2026, 21:15 PM
মুলাদীতে কৃষক কবির বেপারীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা: ১৩ জনের বিরুদ্ধে মামলা, ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

১৬ সেপ্টেম্বর, ২০২৬
বরিশালের কাজিরহাট থানাধীন মুলাদী উপজেলার চর বাহাদুরপুর গ্রামের এক নিরীহ কৃষক মো. কবির বেপারীকে নৃশংসভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী মোসা. তাজলিমা বাদী হয়ে কাজিরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় মোট ১৩ জনকে নামীয় আসামি করা হয়েছে। এদিকে আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে এলাকা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ শনিবার বিকাল অনুমান ৩:৪৫ ঘটিকায় কাজিরহাট থানার ৭নং কাজিরচর ইউনিয়নের ৫নং ওয়ার্ড খালিশপুর দক্ষিণ পাড় সাকিনস্থ গাজিরহাট বাজার থেকে হিন্দু পাড়া ও সাহাবাজপুর যাওয়ার কাঁচা রাস্তার ওপর এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পূর্ব শত্রুতা ও বিরোধের জেরে আসামিরা পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কবির বেপারীর ওপর হামলা চালায় এবং তাকে নৃশংসভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।

পরবর্তীতে গত ১৩ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ রাত ৮:০০ ঘটিকায় কাজিরহাট থানায় নিহতের স্ত্রী মোসা. তাজলিমা (৫০) বাদী হয়ে একটি লিখিত এজাহার জমা দেন, যা পরবর্তীতে কাজিরহাট থানার মামলা নম্বর- ০৮ (তারিখ: ১৬ সেপ্টেম্বর, ২০২৬) হিসেবে রুজু করা হয়।

মামলার এজাহারভুক্ত নামীয় আসামিরা হলেন— ১. মিজান বেপারী (৩৩), ২. সেলিম বেপারী (৫০), ৩. জনি বেপারী (২৬), ৪. জাকির বেপারী (৪৫), ৫. হাসান বেপারী (২৮), ৬. আনোয়ার বেপারী (৪০), ৭. আমির বেপারী (৪৫), ৮. হাবিল হাওলাদার (৫৫), ৯. জামাল বেপারী (৩৫), ১০. নুরুল আমিন হাওলাদার (৪২), ১১. লকি তুল্লা হাওলাদার (৫০), ১২. কাইয়ুম হাওলাদার চারু (৪০) এবং ১৩. অজ্ঞাতনামা আরো ১০/১২ জন।

এই বর্বরোচিত হত্যাকাণ্ডের পর চর বাহাদুরপুর গ্রামসহ পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে
বুধবার বিকাল ৩ঘটিকায় এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ব্যানার হাতে অংশ নেন নিহতের পরিবার, স্বজন এবং স্থানীয় নারী-পুরুষসহ সর্বস্তরের সাধারণ মানুষ। ব্যানারে নিহত কবির বেপারীর রক্তাক্ত মরদেহের ছবি এবং চিহ্নিত কয়েকজন অভিযুক্তের ছবি দিয়ে তাদের “খুনি” আখ্যায়িত করে দ্রুত বিচার ও ফাঁসির দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তারা বলেন, “কবির বেপারী একজন নিরীহ কৃষক ছিলেন। তাকে যেভাবে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে, তা অত্যন্ত পৈশাচিক। আমরা অবিলম্বে সকল আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দ্রুত ট্রাইব্যুনালে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানাচ্ছি।

মামলার রেকর্ডকারী কর্মকর্তা ও কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান জানান, ঘটনার পর থেকেই পুলিশ আসামিদের গ্রেফতারে তৎপর রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য কাজিরহাট থানা পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....