পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকে যুবলীগ নেতার হুমকি, জিডি

Khan Arif
প্রকাশিত September 23, 2026, 20:14 PM
পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকে যুবলীগ নেতার হুমকি, জিডি

 

​পটুয়াখালী প্রতিনিধি।।

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়ন পরিষদের উন্নয়নমূলক প্রকল্পের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকারি দপ্তরে অভিযোগ দেওয়ায় বগা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমানকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে বাউফল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

​সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, বগা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান বাউফলের বগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বগা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি জামাল হোসেন এবং ইউপির প্রশাসনিক কর্মকর্তা মো. মজিবুর রহমানের বিরুদ্ধে সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জমা দেন। পাশাপাশি তথ্য অধিকার আইনের আওতায় তথ্য পাওয়ার জন্য আবেদন জানান। এ কারণে প্যানেল চেয়াম্যান জামাল হোসেন ও প্রশাসনিক কর্মকর্তা মো. মজিবুর রহমান ১৭ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১ টার দিকে ইউনিয়ন পরিষদের সামনে সড়কে বিএনপি নেতা আনিছুর রহমানকে প্রাণনাশের হুমকিসহ ভয়ভীতি দেখান।

​এ বিষয়ে বগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও যুবলীগ নেতা জামাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমাদের বিরুদ্ধে আনা এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। ইউনিয়ন পরিষদের নিয়মমাফিক কাজ পরিচালনা করা হচ্ছে, এখানে কোনো অনিয়ম হয়নি। রাজনীতি ও ব্যক্তিগত আক্রোশ থেকে বিভ্রান্তি ছড়াতে থানায় এই জিডি করা হয়েছে।”

​এদিকে অভিযোগকারী বিএনপি নেতা আনিছুর রহমান জানান, বিবাদীদের অব্যাহত হুমকিতে বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনার পর সোমবার (২১ সেপ্টম্বর) বাউফল থানায় জিডি (জিডি ডাইরি নং ১০৫০) করেন।

​বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

তারিখ ২৩.০৯.২৬
পটুয়াখালী প্রতিনিধি

ক্যাপশন- অভিযুক্ত যুবলীগ নেতা জামাল হোসেন (পাঞ্জাবি গায়ে) ও বিএনপি নেতা আনিচুর রহমান(টিশার্ট গায়ে) -সংগ্রহিত

সংবাদটি শেয়ার করুন....