
বাড়ি ছিল, উঠান ছিল, ছিল গাছপালা ও হাঁস-মুরগি। কিন্তু নদীর ভাঙনে সেই বাড়ির এখন আর অস্তিত্ব নেই, নদীতে হয়ে গেছে বিলীন। এরপর অন্যের জমিতে ঘর তুলে নতুন করে সংসার শুরু করেছিলেন বদরুল আলম। কিন্তু সেই ঘরটিও রক্ষা পেল না। আড়িয়াল খাঁ নদীর ভাঙনে সম্প্রতি সেটিও চলে গেছে নদীগর্ভে।
এখন স্ত্রী-সন্তান নিয়ে মাথা গোঁজার ঠাঁই নেই বদরুলের। অন্যের জমিতে পলিথিনের ছাউনি টাঙিয়ে কোনোভাবে দিন কাটছে তার পরিবারের।
বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের মিয়ারচর এলাকার এই চিত্র এখন অনেক পরিবারের। আড়িয়াল খাঁ নদীর তীব্র ভাঙনে গত দুই বছরে অন্তত ৪০টি পরিবার বসতভিটা হারিয়েছে। নতুন করে গত এক মাসে আরও পাঁচটি পরিবারের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে।