
বরিশালের একটি বেসরকারি হাসপাতালে সিজারের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার পরপরই নাজিয়া রহমান মাইশা (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে বলে স্বজনদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর রাহাত-আনোয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে। অস্ত্রোপচার কক্ষে (ওটি) বমি করার পর মাইশার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তার মৃত্যু হয় বলে স্বজনরা জানান।
মাইশার পরিবারের অভিযোগ, চিকিৎসকদের অবহেলার কারণেই তার মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বমি করার সময় শ্বাসনালিতে খাবার আটকে শ্বাসরোধে তার মৃত্যু হয়েছে।
মাইশা নগরীর কালিজিরা এলাকার বাসিন্দা প্রয়াত নাজমুর রহমান বাদলের মেয়ে। তিনি একজন উদীয়মান উদ্যোক্তা ছিলেন।
স্বজনরা জানান, অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রেজিস্ট্রার ডা. তহুরা আক্তারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছিলেন মাইশা। পরে তার পরামর্শে সিজারের জন্য রাহাত-আনোয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার অস্ত্রোপচারের মাধ্যমে একটি কন্যাসন্তান জন্ম দেন মাইশা। এরপরই অস্ত্রোপচার কক্ষে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে বলে স্বজনরা জানান।
মাইশার স্বামী হাফিজ আহমেদ বলেন, ‘যে মানুষটা সুস্থ ও স্বাভাবিকভাবে অপারেশন থিয়েটারে ঢুকল, সেই মানুষটা সেখান থেকে কীভাবে মৃত হয়ে বের হয়? চিকিৎসকের অবহেলায় এমন মৃত্যু মেনে নেওয়ার মতো নয়।’