
মাদারীপুর, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : একসময় যে খালের বুক চিরে ছুটত নৌকা, যার পানির সঙ্গে জড়িয়ে ছিল মাদারীপুরের মানুষের জীবন-জীবিকা, সেই ঐতিহ্যবাহী বরিশাল খালে আবারও প্রাণ ফেরানোর উদ্যোগ নেয়া হয়েছে। দীর্ঘদিনের দখল, দূষণ ও পলি জমে সংকুচিত হয়ে পড়া খালটির পুনঃখনন কাজের আজ উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার সকালে মাদারীপুর পৌরসভার ইটেরপুল এলাকায় অস্তিত্ব সংকটে পড়া বরিশাল খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহান্দার আলী মিয়া।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মর্জিনা আক্তার, মাদারীপুর পৌর প্রশাসক জেসমিন আক্তার বানু, পৌর নির্বাহী কর্মকর্তা খন্দকার আবু আহমদ ফিরোজ ইলিয়াসসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পুনঃখনন শুরু হওয়ায় দীর্ঘদিন পর খালটির হারানো চেহারা ফিরে পাওয়ার আশায় স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে স্বস্তি। খালটি আবার সচল হলে বর্ষা মৌসুমে শহরের জলাবদ্ধতা কমবে, পানি নিষ্কাশনের পথ সহজ হবে এবং পরিবেশের ভারসাম্যও ফিরবে বলে তাদের প্রত্যাশা।
ইটেরপুল থেকে পাথুরিয়ারপাড় পর্যন্ত প্রায় আট কিলোমিটার দীর্ঘ বরিশাল খালটি একসময় ছিল মাদারীপুরের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ। স্থানীয় প্রবীণদের স্মৃতিতে এখনও জীবন্ত সেই সময়, যখন খালের পানিতে ছোট-বড় নৌকা চলত। নৌপথে পণ্য পরিবহন ও মানুষের যাতায়াত ছিল নিয়মিত। খালের সঙ্গে জড়িয়ে ছিল স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও কৃষিরও নানা প্রয়োজন।
দখল, ভরাট, পলি ও ময়লা-আবর্জনায় খালের অনেক অংশ সংকুচিত হয়ে পড়ে। কোথাও কোথাও পানির প্রবাহ প্রায় বন্ধ হয়ে যায়। কালের পরিক্রমায় সেই পুরোনো চিত্র বদলে যায়। একসময় যে খাল ছিল শহরের পানি নিষ্কাশনের অন্যতম পথ, সেটিই পরিণত হয় জলাবদ্ধতা ও দুর্গন্ধের অন্যতম কারণ হিসেবে।