
প্রতিনিধি: আল আমিন
বরিশালের উজিরপুরে সুরভী পরিবহনের একটি বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার উপজেলার আড়িপাড়া এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আড়িপাড়া এলাকায় সুরভী পরিবহনের একটি বাসের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়।
এদিকে মর্মান্তিক এ দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ ও নিহতদের পরিচয় নিশ্চিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
নিহতদের পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।