
পারভেজ মাহমুদ, বরিশাল প্রতিনিধি:
শিশু অধিকার বাস্তবায়ন ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় নিয়ে বরিশালে বিশ্ব শিশু দিবস-২০২৬ উদযাপন করেছে খেলাঘর বরিশাল জেলা কমিটি।
“শিশুর নিরাপদ জীবন চাই”—এই স্লোগানকে সামনে করে সোমবার ৫ই অক্টোবর বিকেল সাড়ে ৪টায় নগরীর মিন্টু বসু সড়কস্থ (রায় রোড) খেয়ালি গ্রুপ থিয়েটার মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খেলাঘর বরিশাল জেলা কমিটির সভাপতি পঙ্কজ রায় চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আখতারুল কবীরের আমন্ত্রণে অনুষ্ঠিত অনুষ্ঠানে শিশু-কিশোরদের পাশাপাশি সাংস্কৃতিক ব্যক্তিত্ব দীপংকর চক্রবর্তী, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদকসহ খেলাঘরের বিভিন্ন পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা ও ব্যাচ পরিয়ে বরণ করে নেওয়া হয়।
রীনা পারভীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আখতারুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর তপন কুমার সাহা।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিশুদের অধিকার নিশ্চিত করা শুধু পরিবারের নয়, সমাজ ও রাষ্ট্রেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব। শিশুদের নিরাপদ জীবন, শিক্ষা, স্বাস্থ্য ও সুন্দরভাবে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে শিশুদের ওপর নির্যাতন, বৈষম্য ও নানা ধরনের ঝুঁকি প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন তারা।
আলোচনা পর্ব শেষে স্থানীয় শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে কোমলমতি শিশুরা কবিতা আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।