
মোঃজামাল হোসেন খান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে বরগুনা-২ (বেতাগী, বামনা ও পাথরঘাটা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, সমাজসেবক ও চিকিৎসক ডা. সুলতান আহমেদ বুধবার দুপুরে বেতাগীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন। ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের মজলিসে শুরার অন্যতম সদস্য এবং ধানমন্ডি থানার নায়েবে আমীর ডা. সুলতান আহমেদ তার জন্মভূমি বরগুনা-২ আসনে জনগণের সেবায় নিজেকে নিবেদিত করার অঙ্গীকার ব্যক্ত করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী, বেতাগী উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় সভায় প্রার্থীর সঙ্গে স্থানীয় জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন উপজেলা আমীর সাইদুল ইসলাম সোহরাব, উপজেলা সেক্রেটারি প্রভাষক শাহাদাত হোসেন, পৌর জামায়াতের আমীর আ. বারেক বিশ্বাস, পৌর সহ-সভাপতি হাফেজ মাহবুবুর রহমান, কাজিরাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন, শিবির সেক্রেটারি আল-আমিন প্রমুখ। চিকিৎসক হিসেবে দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে ডা. সুলতান আহমেদ তার বক্তব্যে এই অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা, জীবনযাত্রার মানোন্নয়ন এবং সুশাসনের ওপর সর্বাধিক গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “আমি রাজনীতিতে এসেছি সেবার মানসিকতা নিয়ে। বরগুনা-২ আসনের উপকূলীয় অঞ্চলের স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগের যে দুর্বল পরিস্থিতি, তা আমাকে গভীরভাবে ব্যথিত করে। নির্বাচিত হলে মানসম্মত স্বাস্থ্যসেবা সকলের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, সরকারি অর্থের সঠিক বরাদ্দ ও স্বজনপ্রীতিমুক্ত বণ্টন নিশ্চিত করা এবং আধুনিক অবকাঠামো নির্মাণ আমার প্রধান কাজ হবে।” তিনি দৃঢ় প্রত্যয়ের সঙ্গে তার নির্বাচনী এলাকার জনগণের সমস্যা সমাধানে সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানান এবং সকল প্রকার দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করার অঙ্গীকার করেন।