পরকীয়ার অভিযোগে বরিশালে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা, তদন্তে পুলিশ সুপার

Khan Arif
প্রকাশিত January 18, 2026, 18:52 PM
পরকীয়ার অভিযোগে বরিশালে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে মামলা, তদন্তে পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক,

বরিশালে এক ব্যবসায়ীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে রাজিব খান নামে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। একই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং বরিশাল জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

মামলার বাদী ব্যবসায়ী মো. জাকির হোসেন অভিযোগে উল্লেখ করেন, ব্যবসায়িক কাজে তিনি অধিকাংশ সময় বাড়ির বাইরে থাকতেন। এই সুযোগে তার স্ত্রীর সঙ্গে অভিযুক্ত পুলিশ কনস্টেবল রাজিব খানের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে গত ২৪ ডিসেম্বর জাকির হোসেনের স্ত্রী নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ হন।

পরে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হলেও নিখোঁজের সময় সঙ্গে নেওয়া টাকা ও স্বর্ণালংকার এখনো উদ্ধার হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এদিকে মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত কনস্টেবল রাজিব খান তাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন জাকির হোসেন।

তবে অভিযুক্ত পুলিশ কনস্টেবল রাজিব খান পরকীয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।

এ বিষয়ে বরিশাল জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম জানান, অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....