• ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

গুম হওয়া স্বজনদের ফিরে পেতে বরিশালে মানববন্ধন ও প্রতিবাদ সভা

Khan Arif
প্রকাশিত মে ৩১, ২০২৫, ১৯:০৫ অপরাহ্ণ
গুম হওয়া স্বজনদের ফিরে পেতে বরিশালে মানববন্ধন ও প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: গুমের শিকার ব্যক্তিদের ফিরিয়ে দেওয়া, ভুক্তভোগী পরিবারকে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা ও সরকারি পুনর্বাসনের দাবিতে বরিশালে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক নিখোঁজ দিবস উপলক্ষে আজ শনিবার (৩১ মে) দুপুরে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে ‘অধিকার বরিশাল’-এর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা গুমের ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দেশে গুম প্রথার অবসানের দাবি জানান।

ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সভায় বক্তব্য রাখেন নিখোঁজ ফিরোজ খান কালু ও মিরাজ খানের মা ফিরোজা বেগম, নিখোঁজ হায়দার আলীর স্ত্রী, অধিকার বরিশালের প্রতিনিধি আজিজ শাহিন, দোলন দে প্রমুখ। বক্তারা বলেন, গত ১৭ বছরে দেশে গুমের শিকার হওয়া অসংখ্য মানুষ এখনও ঘরে ফেরেনি। তাদের স্বজনরা বছরের পর বছর অপেক্ষার পর আজ ক্লান্ত ও হতাশ। গুমের শিকার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতার কারণে স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না। উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে বহু পরিবার মানবেতর জীবনযাপন করছেন।

তারা বলেন, গুমের শিকার পরিবারের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে সরকারি সহায়তা প্রয়োজন। সেইসঙ্গে দেশে যে গুমের সংস্কৃতি গড়ে উঠেছে, তা বিলুপ্ত করে জনগণের নিরাপদ ও স্বাভাবিক জীবনযাপনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন....