• ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

Khan Arif
প্রকাশিত জুলাই ২, ২০২৫, ২০:১৮ অপরাহ্ণ
বরিশালে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. নাঈম (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (০২ জুলাই) দুপুর ১টার দিকে নগরীর বাংলাবাজার সংলগ্ন নুরিয়া স্কুলের পেছনে ডেঙ্গু সরদার রোডে এই ঘটনা ঘটে। এ বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

নিহত নাঈম বরগুনার আমতলী উপজেলার পূর্বছিলা গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি ওই এলাকায় কাজের সুবাদে বরিশাল নগরীর বটতলার একটি বাসায় থাকতেন এবং ডেঙ্গু সরদার সড়কে জনৈক মো. ওয়াহিদুজ্জামানের নির্মাণাধীন ভবনে শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী নির্মাণাধীন ওই ভবনের প্রধান মিস্ত্রি খোকন মিয়া জানান, ভবনের পাঁচ তলার ফ্লোরে তারা দু’জন কাজ করছিলেন। নাঈম তার সহযোগী হিসেবে কাজ করতো। দুপুরের দিকে পাঁচ তলায় রেলিং দেওয়ার জন্য নাঈম সিমেন্ট-বালু মিক্স করছিল।

হঠাৎ করেই নিচ থেকে বিকট শব্দ আসে। পেছনে তাকিয়ে দেখা যায় যে নাঈম পাঁচ তলা থেকে নিচে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেছে। তাৎক্ষণিকভাবে তাকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে কীভাবে সে পাঁচতলা থেকে নিচে পড়েছে, সে বিষয়ে অবগত নন বলে দাবি করেন রাজমিস্ত্রি খোকন মিয়া।

বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনাটি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মৃত্যু নিয়ে পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ বিষয়ে ভবন মালিকের বক্তব্য জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন....