• ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্বে গাফিলতি: রেকর্ড রুমে অফিস সহায়ক নাসির উদ্দিনের অনিয়মে ক্ষতিগ্রস্ত সেবাপ্রত্যাশীরা

Khan Arif
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৫, ১৪:৩১ অপরাহ্ণ
বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্বে গাফিলতি: রেকর্ড রুমে অফিস সহায়ক নাসির উদ্দিনের অনিয়মে ক্ষতিগ্রস্ত সেবাপ্রত্যাশীরা

নিজস্ব প্রতিবেদন,

বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুমে কর্মরত অফিস সহায়ক নাসির উদ্দিনের দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে। সরকারি অফিসে জনসেবার দায়িত্বে থাকা এই কর্মকর্তা নিয়মিত অনুপস্থিত থাকায় ভুক্তভোগীরা সময়মতো প্রয়োজনীয় সরকারি নথি না পেয়ে হয়রানির শিকার হচ্ছেন।

জানা যায়, গত ২৬ অক্টোবর মুলাদির এক আবেদনকারী রেকর্ড রুমে একটি সূচি প্রদানের আবেদন জমা দেন। সে সময় নাসির উদ্দিন আবেদনটি গ্রহণ করে ডেলিভারি স্লিপে স্বাক্ষর দিয়ে জানান, ছয় দিন পর যোগাযোগ করলে সূচি সরবরাহ করা হবে। কিন্তু নির্ধারিত সময়ের পর আবেদনকারী অফিসে একাধিকবার গেলেও তাকে দায়িত্বে পাওয়া যায়নি।

গত বৃহস্পতিবার একই টেবিলের অপর এক কর্মী আবেদনকারীকে জানান, আগামী রবিবার সূচি সরবরাহ করা হবে। তবে রবিবার সকালে আবেদনকারী সাংবাদিক ও স্থানীয় সাক্ষীদের সঙ্গে রেকর্ড রুমে গেলে নাসির উদ্দিনকে অফিস সময়েও পাওয়া যায়নি। একাধিকবার ফোন করলেও তিনি সাড়া দেননি।

অভিযোগকারী বলেন, “একটি সরকারি সূচি পেতে বারবার ঘুরতে হচ্ছে। কর্মকর্তাদের অনুপস্থিতি ও দায়িত্বে গড়িমসির কারণে আমাদের মতো সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছি।”

রেকর্ড রুমের অন্যান্য কর্মচারীরা বিষয়টি স্বীকার করে জানান, নাসির উদ্দিন প্রায় সময়ই অফিসে অনুপস্থিত থাকেন। এর ফলে সেবাপ্রত্যাশীদের আবেদন নিষ্পত্তিতে দেরি হয়, যা প্রশাসনিক শৃঙ্খলার জন্যও বিব্রতকর।

এ বিষয়ে জেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেন, “অফিস সহায়ক হিসেবে দায়িত্বে অবহেলা প্রশাসনিক অপরাধ। লিখিত অভিযোগ দিলে সে বিষয়ে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সচেতন নাগরিক সমাজের দাবি, জেলা প্রশাসনের মতো গুরুত্বপূর্ণ দপ্তরে জনসেবা যেন ব্যাহত না হয়—সে জন্য নিয়মিত তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

সংবাদটি শেয়ার করুন....