• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ এলাকায় লাঞ্ছনার শিকার ব্যারিস্টার ফুয়াদ: বরিশালে চাঞ্চল্য

Khan Arif
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২৫, ১৯:৪২ অপরাহ্ণ
নিজ এলাকায় লাঞ্ছনার শিকার ব্যারিস্টার ফুয়াদ: বরিশালে চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদন,

বরিশালে নিজ নির্বাচনি এলাকা (বাবুগঞ্জ-মুলাদী) গিয়ে ছাত্রদলের তোপের মুখে পড়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এসময় তাকে ঘিরে ‌‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন নেতাকর্মীরা।

রোববার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। এসময় তাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দেয়া হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা সড়কের আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যান ব্যারিস্টার ফুয়াদ। এর পরপরই ছাত্রদলের নেতাকর্মীরা তাকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি দ্রুত গাড়িতে উঠে এলাকা ত্যাগ করেন। পরে ছাত্রদলের পক্ষ থেকে ব্যারিস্টার ফুয়াদকে বাবুগঞ্জে ‌‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়।

সাংবাদিকদের দেয়া এক বক্তব্যে ব্যারিস্টার ফুয়াদ বলেন, সেতু নির্মাণের জন্য চাইনিজ যে কম্পানি কাজ পেয়েছে তারা ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ করেছে এলাকাবাসী বিভিন্ন রাজনৈতিক লোক ইতিমধ্যে তাদের কাছে চাঁদা চেয়েছে যেটি খুবই দু:খজনক, এতো কষ্টের একটা ফল যখন এলাকাতে এসেছে তখন এটাকে বাঁধা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে । উপদেষ্টা মহোদয়রাও ইঙ্গিতে তাদের বক্তব্যে বলেছেন যে- এলাকাবাসী আপনারা যদি কাজের সঠিক তদারকি এবং সাহায্য না করেন তাহলে কিন্তু কাজটা ঝুলে যাবে।

 

এ বক্তব্যের পরপরই স্থানীয় একটি বিক্ষোভ মিছিল বের করে।

 

বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল-আমিন বলেন, “সেতু উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি (ফুয়াদ) বাবুগঞ্জের সাধারণ নাগরিকদের ‘চাঁদাবাজ’ বলে অপপ্রচার করেছেন এবং চীনা কোম্পানির কাছে চাঁদা চেয়েছেন—এমন অভিযোগ তুলে তিনি গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন, যা অত্যন্ত অশোভনীয়। এ বিষয়ে আমরা স্থানীয় সাধারণ নাগরিকরা প্রতিবাদ জানিয়েছি।”

সংবাদটি শেয়ার করুন....