• ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাওনা টাকা চাইতেই দোকানে তালা ও প্রাণনাশের হুমকি—কাউনিয়ায় ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে অভিযোগ

Khan Arif
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৬, ১৩:৩১ অপরাহ্ণ
পাওনা টাকা চাইতেই দোকানে তালা ও প্রাণনাশের হুমকি—কাউনিয়ায় ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক,

বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন আলমাদানী সড়কে পাওনা টাকা চাইতে গিয়ে এক ব্যবসায়ীকে দোকানে তালা ঝুলিয়ে দেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগকারী মোঃ মুসা (৩১) নিউ ভাটিখানা এলাকার বাসিন্দা এবং বিসিসি ০৪ নম্বর ওয়ার্ডের আলমাদানী সড়কের মুখে অবস্থিত ‘তাকওয়া এন্টারপ্রাইজ’ নামের একটি দোকানের মালিক।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত মোঃ সোহেল সিকদার (৩০), পিতা—মোঃ আবুল হোসেন সিকদার, মোফাজ্জেল হোসেন স্কুল রোড এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বাদীর দোকানে থাই অ্যালুমিনিয়ামের কাজ করতেন। বিভিন্ন সময় দোকান থেকে মালামাল নেওয়ার পরও অভিযুক্ত ব্যক্তি মোট ১ লাখ ৭০ হাজার টাকা পরিশোধ করেননি।

ভুক্তভোগী ব্যবসায়ী জানান, একাধিকবার পাওনা টাকা চাইলে অভিযুক্ত সোহেল সিকদার টাকা দিতে অস্বীকৃতি জানান এবং উল্টো আরও মালামাল নেওয়ার চাপ দেন। গত ৩ ডিসেম্বর ২০২৫ বিকাল আনুমানিক ৪টার দিকে অভিযুক্ত ব্যক্তি দোকানে এসে পুনরায় মালামাল নিতে চাইলে বাদী তা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত ব্যক্তি দোকানে তালা ঝুলিয়ে দেন এবং তাকে বিভিন্ন ধরনের হুমকি ও প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শন করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী মোঃ মুসা বলেন,“আমি আমার ন্যায্য পাওনা চাইতে গেলে উল্টো আমাকে ভয়ভীতি দেখানো হয়েছে। এতে আমার ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিরুপায় হয়ে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি।

এ বিষয়ে কাউনিয়া থানা পুলিশ জানায়, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত মোঃ সোহেল সিকদার বিগত দিনে ছাত্রলীগের একজন সকৃয় কর্মী ছিলেন এবং বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অসীম দেওয়ান ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন—এমন অভিযোগ স্থানীয়দের।

 

সংবাদটি শেয়ার করুন....