
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
আসন্ন গণভোট ২০২৬ উপলক্ষে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও প্রচারণা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে বরিশালে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
“দেশের চাবি আপনার হাতে পরিবর্তনের জন্য হ্যাঁ ভোট” এই স্লোগানকে ধারণ করে ১১ই জানুয়ারি রবিবার বিকাল ৪ ঘটিকায় নগরীর বেলস পার্কে বিভাগীয় প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার আরেক বিশেষ সহকারী জনাব মনির হায়দার এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ কামাল উদ্দিন।
সভাপতিত্ব করেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান। সভায় বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসক, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সঠিক তথ্য প্রচার, ভোটারদের সচেতনতা বৃদ্ধি এবং নিরপেক্ষ পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে প্রশাসন ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
বক্তারা আরও বলেন, ভোটাধিকার প্রয়োগে জনগণের আস্থা বাড়াতে নির্বাচন কমিশন ও প্রশাসন নিরলসভাবে কাজ করছে। গণভোটে ব্যাপক জনসম্পৃক্ততা নিশ্চিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।অনুষ্ঠানটি সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারীরা গণভোট সফল করতে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।