বগুড়ায় শেখ হাসিনাসহ ১৫৫ জনের নামে মামলা

Khan Arif
প্রকাশিত May 28, 2025, 19:21 PM
বগুড়ায় শেখ হাসিনাসহ ১৫৫ জনের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫৫ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।আসামিদের তালিকায় একজন সংবাদকর্মীও রয়েছেন। মঙ্গলবার (২৭ মে) রাতে সদর উপজেলার নিশিন্দারা উত্তরপাড়া এলাকার বাসিন্দা নয়ন মিয়া বাদী হয়ে সদর থানায় এ মামলা করেন। মামলার এজাহারে তিনি অভিযোগ করেন, গত বছরের ৪ আগস্ট শান্তিপূর্ণ বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতার ওপর আসামিরা হামলা চালান।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির মামলার তথ্য নিশ্চিত করেন। মামলায় আসামিদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, যুগ্ম সম্পাদক মুনজুরুল আলম মোহন, আওয়ামী লীগ নেতা আসাদুর রহমান দুলু, পৌর আওয়ামী লীগ সভাপতি রফি নেওয়াজ খান রবিন, জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু।

মামলার এজাহারে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের নির্দেশে অন্যান্য আসামিরা কাটা রাইফেল, অস্ত্র, ককটেল, হাতবোমা ও লাঠিসোটা নিয়ে ছাত্র-জনতার মিছিলে হামলা চালান। আন্দোলনরতদের লক্ষ্য করে গুলি ছোড়েন তারা। এতে বাদী নয়ন মিয়া গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে আন্দোলনকারীরা প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা পালিয়ে যায়। এ বিষয়ে সদর থানার ওসি হাসান বাসির বলেন, আহত নয়ন মিয়া বাদী হয়ে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৫৫ জনের নামে মামলা করেছেন। মামলাটি তদন্তাধীন এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন....