• ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে সরকারি খালে আওয়ামী লীগ অফিস, গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

Khan Arif
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২৫, ১৮:০১ অপরাহ্ণ
পটুয়াখালীতে সরকারি খালে আওয়ামী লীগ অফিস, গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর বাউফলে কালিশুরী বাজার সংলগ্ন সরকারি খালের জমি দখল করে নির্মিত ইউনিয়ন আওয়ামী লীগ অফিস গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডুর নেতৃত্বে ভেকু দিয়ে অফিসটি গুঁড়িয়ে দেওয়া হয়। তিনি বলেন, ‘একাধিকবার নোটিস দেওয়া হলেও অবৈধ স্থাপনা সরিয়ে না নেওয়ায় উচ্ছেদ করা হয়েছে।’

স্থানীয় বাসিন্দা ও ভূমি অফিস সূত্রে জানা গেছে, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে কালিশুরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. নেছার উদ্দিন সিকদার খালটি দখল করে দলীয় অফিস ভবন বানিয়েছিলেন।

তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজের ঘনিষ্ঠজন ছিলেন। এ কারণে ওই সময় সরকারি কর্মকর্তারাও এ বিষয়ে পদক্ষেপ নিতে পারেননি।

গত ৫ আগস্টের পর নেছার উদ্দিন আত্মগোপনে চলে যান। এরপর থেকে তালাবদ্ধ করে রাখা হয় ইউনিয়ন আওয়ামী লীগ অফিসটি। কালিশুরী বাজার কমিটির সভাপতি মো. ফয়সাল মোল্লা বলেন, ‘কালিশুরী বাজারের জলাবদ্ধতা নিরসনের পথ উন্মুক্ত হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন....