• ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে জাতীয় নাগরিক কমিটি থেকে ৬ ছাত্র প্রতিনিধির পদত্যাগ

Khan Arif
প্রকাশিত মার্চ ১, ২০২৫, ১২:৪০ অপরাহ্ণ
বাউফলে জাতীয় নাগরিক কমিটি থেকে ৬ ছাত্র প্রতিনিধির পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সংগঠক মুনতাসীর তাসরিপসহ ছয়জন ছাত্র প্রতিনিধি জাতীয় নাগরিক কমিটি থেকে একযোগে পদত্যাগ করেছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে তারা নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাস দিয়ে পদত্যাগের ঘোষণা দেন। পরে প্রধান সংগঠক মুনতাসির তাসরিপ মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন।

পদত্যাগ করা ছয়জন ছাত্র প্রতিনিধি হলেন মুনতাসির তাসরিপ, ফাতিমা জামান সামিয়া, আয়েশাতুন্নেসা বর্ষা, রুহুল আমিন, ফারহান রুপাই ও শুভ চন্দ্র শীল।

পদত্যাগ করা ছাত্র প্রতিনিধিরা জানান, জাতীয় নাগরিক কমিটি গঠনের আগে তাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। তাদের মতে, কমিটিতে এমন অনেক ব্যক্তিকে রাখা হয়েছে, যারা কখনো আন্দোলনে ছিলেন না কিংবা শিক্ষার্থীদের পাশে দাঁড়াননি।

আন্দোলনে সাধারণ শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক ও রাজনৈতিক নেতারা সমর্থন দিয়েছেন, কিন্তু নাগরিক কমিটি গঠনের সময় তাদের সঙ্গেও কোনো আলোচনা করা হয়নি।

আমরা প্রথম দিন থেকেই কমিটি নিয়ে আলোচনার দাবি জানিয়েছিলাম। কিন্তু দীর্ঘসময় পার হলেও কেউ আলোচনায় বসেনি। ফলে আমরা তথাকথিত এই নাগরিক কমিটির সঙ্গে কাজ করার আগ্রহ হারিয়েছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাউফলের প্রধান সংগঠক মুনতাসির তাসরিপ বলেন, ইতিহাস থেকে জানি, বিপ্লব শুধু শাসকের দমনেই ব্যর্থ হয় না; ভুল নেতৃত্ব, আত্মসাৎকারী ও সুবিধাভোগীদের হাতে নিয়ন্ত্রিত হয়ে ধীরে ধীরে ব্যর্থ হয়ে যায় বিপ্লব। বাউফলে আমাদের আন্দোলন সংগ্রাম আজ সেই পথে এগোচ্ছে।

তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে যৌথভাবে পদত্যাগপত্র লিখেছি। সকলের সাক্ষরিত এই পদত্যাগ পত্র দ্রুত তাদের কাছে পৌঁছে দেবো।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি বাউফল উপজেলা নাগরিক কমিটির ১১২ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। তবে ঘোষণার পর থেকেই কমিটি নিয়ে বিভিন্ন মহলে অসন্তোষ দেখা দেয়।

সংবাদটি শেয়ার করুন....