
নিজস্ব প্রতিবেদন,
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার ভাসানচর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমির মাওলানা আব্দুর রহমান ফারুকের বাড়িতে গভীর রাতে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৮ নভেম্বর) গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তার বসতঘরে আগুন ধরিয়ে দেয় এবং পরপর কয়েকটি ককটেল সদৃশ বিস্ফোরণ ঘটায়। হঠাৎ করে বিকট শব্দ ও আগুনের লেলিহান শিখা দেখে এলাকাবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়।
ভুক্তভোগী মাওলানা আব্দুর রহমান ফারুক জানান, “রাতের আঁধারে একদল সন্ত্রাসী বাহিনী আমার বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। আমি পরিবারের সদস্যদের নিয়ে অল্পের জন্য প্রাণে বেঁচে যাই।”
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের প্রতি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
স্থানীয়রা জানান, এ ধরনের সহিংসতা গ্রামীণ শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
কাউনিয়া থানা পুলিশ জানায়, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হামলা হতে পারে।
ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।