• ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ জোরালো, তাপমাত্রা নামতে পারে ৮ ডিগ্রিতে

Khan Arif
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৬, ১৯:৫২ অপরাহ্ণ
আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ জোরালো, তাপমাত্রা নামতে পারে ৮ ডিগ্রিতে

 

নিজস্ব প্রতিবেদক,

আগামী কয়েকদিন দেশের বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে কয়েকটি জেলায় তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) তিনি ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে এই তথ্য নিশ্চিত করেছেন। তাঁর মতে, সকাল ৬টার মধ্যে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁ জেলা এবং খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, যশোর ও ঝিনাইদহ জেলায় শৈত্যপ্রবাহের প্রভাবে তাপমাত্রা কমে ৮ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।

অন্যদিকে দেশের অন্যান্য অঞ্চলের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ পলাশ আরও জানান, শুক্রবারের পর থেকে আবারও দেশের ওপর দিয়ে ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এছাড়া, বৃহস্পতিবার রাতের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বেশিরভাগ জেলায় কুয়াশামুক্ত থাকার সম্ভাবনা রয়েছে। তবে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি এবং সিলেট ও রংপুর বিভাগের কিছু জেলায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে।

শীতের এই প্রবাহে নাগরিকরা নিজেদের স্বাস্থ্য এবং নিরাপত্তার প্রতি বিশেষ সতর্ক থাকতে পারেন।

 

সংবাদটি শেয়ার করুন....