• ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক পরিচয়ের আড়ালে মাদক কারবার, বরিশালে ছাত্রদল নেতা তমাল আটক

Khan Arif
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ণ
রাজনৈতিক পরিচয়ের আড়ালে মাদক কারবার, বরিশালে ছাত্রদল নেতা তমাল আটক

নিজস্ব প্রতিবেদক,

বরিশাল নগরীতে রাজনৈতিক পরিচয় ও পারিবারিক প্রভাবের ঢাল ব্যবহার করে মাদক কারবার চালানোর গুরুতর অভিযোগে ছাত্রদল নেতা মোঃ শাহরিয়ার রায়হান তমাল (৩৫)-কে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা শাখা। আটককৃত তমাল বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও বিএনপি সভানেত্রী, নগরীর ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর শরিফ তাসলিমা পলির ছেলে।

শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) দুপুর ১টার দিকে কাউনিয়া থানাধীন বিসিসি ১ নম্বর ওয়ার্ডের হাজেরা খাতুন স্কুল সড়কে পলি ম্যানশনের সামনে অভিযান চালিয়ে তমালকে আটক করা হয়। দেহ তল্লাশিতে তার কাছ থেকে ১০ অ্যাম্পুল জি-মরফিন ইনজেকশন উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা শাখা।

আটক তমাল বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও বিএনপি সভানেত্রী, নগরীর ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর শরিফ তাসলিমা পলি-র ছেলে। স্থানীয়দের অভিযোগ, পরিবারের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রশ্রয়ে সে দীর্ঘদিন ধরে মাদক কারবার চালিয়ে এলেও প্রভাবশালী পরিচয়ের কারণে ছিল ধরাছোঁয়ার বাইরে। এই প্রভাবই তাকে বেপরোয়া করে তোলে—এমনটাই বলছেন এলাকাবাসী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, বরিশাল পরিচালিত অভিযানে রাজনৈতিক পরিচয় কোনো কাজে আসেনি। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কাউনিয়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....