• ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

প্রতীক বরাদ্দের পর নির্বাচনি মাঠে বিএনপি, প্রথম দিনেই সাত জেলায় তারেক রহমানের সমাবেশ

Khan Arif
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২৬, ২১:০৮ অপরাহ্ণ
প্রতীক বরাদ্দের পর নির্বাচনি মাঠে বিএনপি, প্রথম দিনেই সাত জেলায় তারেক রহমানের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক,

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২১ জানুয়ারি) নিজ নিজ আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রার্থীরা তাদের নির্ধারিত প্রতীক বুঝে নেন। এর মধ্য দিয়ে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচনি প্রচার।

নির্বাচনি প্রচারণার প্রথম দিনেই সিলেট থেকে মাঠে নামল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির চেয়ারম্যান তারেক রহমান আজ একদিনে সাতটি জেলায় নির্বাচনি সমাবেশে অংশ নিচ্ছেন। বিএনপি সূত্র জানায়, প্রচারণার সূচনালগ্নেই দেশব্যাপী নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা ছড়িয়ে দিতে এই ব্যস্ত কর্মসূচি নির্ধারণ করা হয়েছে।

তারেক রহমানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকালে সিলেট নগরের চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান। বেলা সাড়ে ১১টার দিকে এ জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এরপর দুপুর ১টায় তিনি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে নির্বাচনি প্রচারণায় অংশ নেবেন। সেখান থেকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে দুপুর আড়াইটার দিকে আরেকটি জনসভায় যোগ দেবেন তারেক রহমান। ধারাবাহিকভাবে বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে নির্বাচনি সমাবেশে উপস্থিত হওয়ার কথা রয়েছে তার।

একই দিনে বিকেল ৫টায় কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে অনুষ্ঠিত জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। সন্ধ্যা ৭টায় নরসিংদী পৌর পার্কসংলগ্ন এলাকায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। দিনের শেষ কর্মসূচি হিসেবে রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকার আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনি সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

উল্লেখ্য, বুধবার রাত আটটার দিকে আকাশপথে সিলেটে পৌঁছান তারেক রহমান। সেখানে পৌঁছে তিনি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন। পাশাপাশি হজরত শাহজালাল (রহ.) দরগাহ কবরস্থানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর কবরে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুর গ্রামে শ্বশুরবাড়িতে যান এবং সেখানে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে বক্তব্য দেন। এর আগে বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া ও জুবাইদা রহমানের পরিবারের প্রয়াত সদস্যদের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন....