
মৃধা আজাদ,
তারিখ: ৩ ফেব্রুয়ারি, ২০২৬
বরিশাল: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল আগমনকে কেন্দ্র করে এক বিশাল আনন্দ মিছিল ও শোভাযাত্রা করেছে বরিশাল মহানগর বিএনপি। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই মিছিলটি উদযাপিত হয়।
মিছিলে প্রধান সারিতে থেকে নেতৃত্ব দেন বরিশাল মহানগর বিএনপির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ। এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির প্রভাবশালী নেতা জিয়াউদ্দিন শিকদার জিয়া এবং মনিরুজ্জামান ফারুক। এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহফুজ সহ দলটির অর্ধশতাধিক সিনিয়র নেতাকর্মী ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক কর্মী সমর্থক।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে আয়োজিত এই আনন্দ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অতিক্রম করার সময় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। মিছিলে অংশগ্রহণকারী নেতারা বলেন, “তারেক রহমানের আগমনে বরিশালের রাজনৈতিক অঙ্গন উজ্জীবিত। এই আগমনকে ঘিরে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি।”
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করার লক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।