• ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জে লক্ষাধিক টাকা ও নির্বাচনী স্লিপসহ ২ বিএনপি কর্মী আটক

Khan Arif
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৬, ২২:১২ অপরাহ্ণ
বাবুগঞ্জে লক্ষাধিক টাকা ও নির্বাচনী স্লিপসহ ২ বিএনপি কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক,

বরিশাল | ১১ ফেব্রুয়ারি, ২০২৬
​বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নগদ ১ লাখ ২ হাজার টাকা ও নির্বাচনী স্লিপসহ দুই বিএনপি কর্মীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার মাধবপাশা এলাকায় সেনাবাহিনীর একটি নিয়মিত টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
​আটককৃতরা হলেন— হুমায়ুন গাজী ও এনায়েত কাজী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের বিএনপি কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন।
​সেনাবাহিনী সূত্রে জানা গেছে, নির্বাচনকালীন নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মাধবপাশা এলাকায় টহল দিচ্ছিল বাবুগঞ্জ আর্মি ক্যাম্পের একটি দল। এসময় মোটরসাইকেলে থাকা ওই দুই ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে থামানো হয়। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে নগদ ১ লক্ষ ২ হাজার টাকা এবং নির্বাচন সংক্রান্ত বিভিন্ন স্লিপ উদ্ধার করা হয়।
​আটকের পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে আহ্বান করা হয় এবং তার উপস্থিতিতে আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
​বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে তারা পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন....