গৌরনদীতে দুই যুবককে কুপিয়ে জখম, থানায় অভিযোগ ‎

Khan Arif
প্রকাশিত April 2, 2026, 11:23 AM
গৌরনদীতে দুই যুবককে কুপিয়ে জখম, থানায় অভিযোগ ‎

গৌরনদীতে দুই যুবককে কুপিয়ে জখম, থানায় অভিযোগ
‎
‎
‎বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের শংকরপাশা গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার জেরে দুই যুবককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মিঠু হাওলাদারের মা মোসাঃ ময়না বেগম বাদী হয়ে গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
‎অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩১শে মার্চ রাতে ভুক্তভোগী মো. মিঠু হাওলাদার ও তাঁর চাচাতো ভাই মো. লিমন হাওলাদার বাড়ির পাশের একটি মুদি দোকানে বসে ছিলেন। রাত সাড়ে ৭টার দিকে আকস্মিক লোডশেডিংয়ের সুযোগ নিয়ে ওত পেতে থাকা আসিফ ব্যাপারী ও সাগর ব্যাপারী দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় মিঠু ও লিমন গুরুতর জখম হন। ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাঁদের গ্রামছাড়া করার হুমকি দিয়ে আসছিল এবং তাঁদের ভয়ে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
‎এ বিষয়ে অভিযুক্ত আসিফ ব্যাপারী ও সাগর ব্যাপারীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁরা হামলার ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে তাঁরা জানান, বিষয়টি উভয় পক্ষ মিলে স্থানীয়ভাবে আপস-মীমাংসা করে নেবেন। এদিকে ভুক্তভোগী পরিবারটি জানায়, দীর্ঘদিন ধরে নির্যাতিত হয়েও স্থানীয় সালিশে কোনো সুষ্ঠু সমাধান না পাওয়ায় তাঁরা এখন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
‎গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন....