• ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে সাংবাদিককে মারধর-মোটরসাইকেলে অগ্নিসংযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

Khan Arif
প্রকাশিত মার্চ ২৯, ২০২৫, ২০:৩৫ অপরাহ্ণ
বরিশালে সাংবাদিককে মারধর-মোটরসাইকেলে অগ্নিসংযোগ, ছাত্রদল নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল আদালতের গেটে দুই সাংবাদিককে মারধর ও মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনার মামলায় মহানগর ছাত্রদলের সহ সভাপতি মো. আলমাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। শুক্রবার গভীর রাতে নগরীর বান্দ রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে বৃহস্পতিবার দুপুরে এ হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই দিন বরিশাল রিপোর্টার্স ইউনিটির খালিদ সাইফুল্লাহ বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা করেন। সেই মামলায় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ীসহসহ ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০ জনকে আসামি করা হয়েছে।

ওসি মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার দুপুরে নগরের কোর্ট কম্পাউন্ডের সামনে সাংবাদিকদের মারধর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনার আসামি আলমাসকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে। বাকি আসামিদের ধরতে অভিযান চলমান আছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে বরিশাল আদালত প্রাঙ্গণে পেশাগত দায়িত্ব পালনে সেখানে গেলে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ীর নেতৃত্বে ২০-২৫ জন স্থানীয় দৈনিকের সাংবাদিক এন আমিন রাসেল ও মনিরুজ্জামানের ওপর হামলা চালানো হয়।

তাদের মারধর করাসহ, ক্যামেরা, দুটি মোবাইল ভাঙচুর করা এবং নগদ টাকা পয়সা লুটে নেয় হামলাকারীরা। পাশাপাশি আদালতের প্রধান গেটেই সাংবাদিকদের একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে- মহানগর বিএনপি, জেলা বিএনপি (দক্ষিণ), বাংলাদেশ ছাত্র ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন।

সংবাদটি শেয়ার করুন....