• ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে একই দড়িতে মা ও ছেলের ঝুলন্ত লাশ

Khan Arif
প্রকাশিত এপ্রিল ৬, ২০২৫, ১৬:১২ অপরাহ্ণ
ঝালকাঠিতে একই দড়িতে মা ও ছেলের ঝুলন্ত লাশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির নলছিটি উপজেলায় একটি রেইন্ট্রি গাছে একই দড়িতে ঝুলন্ত অবস্থায় মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ এপ্রিল) সকালে উপজেলার মগড় ইউনিয়নের রায়াপুর গ্রামে এই ঘটনা ঘটে।নিহতরা হলেন- রুবি বেগম (৫৫) ও তার ছেলে আসাদ মাঝি (৩৫)। এর মধ্যে রুবি বেগম স্থানীয় আবু হানিফ মাঝির দ্বিতীয় স্ত্রী। তাদের আরও তিন সন্তান রয়েছে। নিহত রুবি বেগমের স্বামী হানিফ মাঝি বলেন, একই এলাকার সিরাজ হাওলাদারের মেয়ে গত রমজান থেকে নিখোঁজ।

তাদের দাবি আমার ছেলে তাদের মেয়েকে লুকিয়ে রেখেছে। এ কারণে তার ছেলে সাদ্দাম আমার ছেলেকে মারধর করেছে এবং বিভিন্ন হুমকি দিয়ে চাপ সৃষ্টি করেছে। এসব কারণে আমার স্ত্রী ও ছেলে আত্মহত্যা করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আসাদ ও তার মা খুলনায় বসবাস করতেন। ঈদ উপলক্ষ্যে কয়েক দিন আগে তারা নিজ গ্রামে আসেন।

নলছিটি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সকালে আমরা ঘটনাস্থলে যাই। ঘরের পেছনের একটি রেইন্ট্রি গাছে একই দড়িতে মা ও ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন....