নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের কোতোয়ালী মডেল থানায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে বাসায় হামলা, মালামাল লুটের চেষ্টা ও হত্যার হুমকির ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক নারী। অভিযোগকারী হলেন রাশিদা আক্তার চৌধুরী (৪৭), স্বামী নুর আলম চৌধুরী, বাসিন্দা ভেনাস শপিং কমপ্লেক্স, ৯নং ওয়ার্ড, গির্জামহল্লা, বরিশাল সদর।
অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে গোলাম মোস্তফা স্বপনের (৩৯) নেতৃত্বে ১০-১২ জন অজ্ঞাত সন্ত্রাসী তাঁর বাসার সামনে কেচি গেট ও থাই গ্লাসের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে মালামাল লুটের চেষ্টা চালায়।
বিষয়টি বুঝতে পেরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন এবং কোতোয়ালী থানার ডিউটি অফিসারকে জানান। অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা পুলিশ আসছে টের পেয়ে অনেক মালামাল সরিয়ে ফেলে এবং কেচি গেট আটকে তাঁর বাসার গেটে তালা লাগিয়ে দেয়।
এতে তিনি ও তাঁর পরিবার গুরুতর নিরাপত্তাহীনতায় পড়েছেন। রাশিদা আক্তার অভিযোগপত্রে উল্লেখ করেন, “বর্তমানে আমার জান-মালের কোনো নিরাপত্তা নেই। আমি দুশ্চিন্তায় রাতেও ঘুমাতে পারি না। দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় খুন-জখমের মতো ঘটনা ঘটতে পারে।” এ ঘটনায় তিনি কোতোয়ালী মডেল থানার ওসি বরাবর লিখিত অভিযোগ জমা দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।