• ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে ডাকাত সাজিয়ে কৃষককে পিটিয়ে হত্যা

Khan Arif
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১৩:২৬ অপরাহ্ণ
বরিশালে ডাকাত সাজিয়ে কৃষককে পিটিয়ে হত্যা

নুসরাত জাহান লিমা: বরিশালে ডাকাত আখ্যা দিয়ে পিটিয়ে কৃষক সোহেল খানকে (৩৫) হত্যার অভিযোগ উঠেছে। রোববার সকালে উপজেলার চরকবাই এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। হত্যার শিকার সোহেল বাকেরগঞ্জের চরকবাই এলাকার নুর ইসলাম খানের ছেলে। বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের স্ত্রী সাজেদা বেগমের অভিযোগ, জমি লিজ দিতে রাজি না হওয়ায় স্থানীয় কয়েকজন ব্যক্তি শনিবার দিবাগত রাতে মোবাইল ফোনে কল দিয়ে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে তার স্বামী সোহেলকে।স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, শনিবার রাতে মসজিদের মাইকে মাইকিং করে সোহেলকে ডাকাত বলে প্রচার করা হয়। পরে তাকে আটক করে গণপিটুনি দেওয়া হয়। রাতেই তার মৃত্যু নিশ্চিত হওয়ার পর পুলিশকে খবর দেওয়া হয়। তাদের দাবি, সোহেল খান গণপিটুনির শিকার হয়েছেন।

সোহেলের স্ত্রী সাজেদা বেগম বলেন, ক’দিন আগে আমার স্বামীর কাছে তরমুজ চাষের জন্য জমি লিজ নিতে চায় স্থানীয় শাহিন হাওলাদার, তার ভাই ফিরোজ হাওলাদারসহ কয়েকজন। জমি লিজ না দেওয়ায় শনিবার দিনগত রাতে মোবাইল ফোনে কল দিয়ে ডেকে নিয়ে আমার স্বামীকে ডাকাত আখ্যা দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

সোহেলের মেয়ে ফাতেমা আক্তার বলেন, গত বছর অভিযুক্ত ব্যক্তিদের কাছে আমার বাবা তরমুজ চাষের জন্য জমি বর্গা দেন। সেই বছর তরমুজের লাভের টাকা আমার বাবাকে না দেওয়ায় এই বছর জমি দিতে রাজি হননি। আমার নির্দোষ বাবাকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ডাকাত আটক করার খবর পেলেও গিয়ে সোহেলের মরদেহ উদ্ধার করি। হত্যার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, খতিয়ে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষেয়ে অভিযুক্ত শাহিন হাওলাদার বা তার ভাই ফিরোজ হাওলাদারের বক্তব্য জানা যায়নি। তাদের ব্যবহৃত মোবাইল নম্বরও বন্ধ পাওয়া গেছে। ঘটনার পর পরই তারা আত্মগোপনে চলে গেছেন বলে জানিয়েছেন স্থানীয় একাধিক সূত্র।

সংবাদটি শেয়ার করুন....