
মো আজাদ হোসেন,
গাইবান্ধার সাঘাটা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি সফল অভিযানে ২৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর ২০২৫) সকাল ৭টার দিকে উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের বারকোনা গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
আটককৃত ব্যক্তি মো. সাইফুল ইসলাম (৫০) ওই গ্রামের স্থায়ী বাসিন্দা। গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমার রায়ের নেতৃত্বে একটি রেইডিং টিম তার বাড়িতে অভিযান চালায়।
অভিযানকালে আসামির ঘরের উত্তর-পূর্ব কোণে রাখা একটি চৌকির বালিশের নিচ থেকে পেস্ট রঙের ব্যাগে রাখা একটি প্লাস্টিকের বক্সে ২৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ট্যাবলেটগুলোর মোট ওজন ২৩ গ্রাম, যা ঘটনাস্থলেই ডিজিটাল স্কেলের মাধ্যমে মাপা হয়। একইসাথে নমুনা সংগ্রহ করে সিলগালা করা হয়।
অভিযান দলে উপস্থিত ছিলেন সহকারী প্রসিকিউটর মো. আবু তালহা মিমুদ, এএসআই মো. আবুল কাশেম, এএসআই শাপলা রানী সিংহসহ অন্যান্য সদস্যরা। ঘটনাস্থলে স্থানীয় স্বাক্ষীদের উপস্থিতিতে মাদকের জব্দ তালিকা প্রস্তুত করা হয় এবং আসামিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, সাইফুল ইসলাম নিজ বাড়িতে বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবা সংরক্ষণ করছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত আলামত ও নমুনা বিভাগীয় হেফাজতে রাখা হয়েছে।