ভোলায় উচ্ছেদ অভিযানের ক্ষুব্ধ ব্যবসায়ী তিন টি গাড়িতে আগুন,

Khan Arif
প্রকাশিত October 26, 2025, 13:59 PM
ভোলায় উচ্ছেদ অভিযানের ক্ষুব্ধ ব্যবসায়ী তিন টি গাড়িতে আগুন,

ভোলা প্রতিনিধি,

ভোলার নতুন বাজার এলাকায় পৌরসভার উচ্ছেদ অভিযানের সময় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা পৌরসভার তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার জমিতে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করে পৌর প্রশাসন। এ সময় মুক্তিযোদ্ধা সংসদ ভবনের পাশে কয়েকটি দোকান উচ্ছেদ করে পৌরসভার ট্রাকে মালামাল তোলার সময় ক্ষুব্ধ ব্যবসায়ীরা ওই ট্রাকগুলোর ওপর রাখা দোকানঘরগুলোতে আগুন ধরিয়ে দেয়।

দৃষ্টিদর্শীরা জানান, আগুন দেওয়ার পর সংঘবদ্ধ চক্রটি কেউ যাতে গাড়ির কাছে যেতে না পারে, সে জন্য বাধা দেয়। স্থানীয়দের সহায়তায় প্রায় আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হলেও তিনটি গাড়িই সম্পূর্ণভাবে পুড়ে যায়।

ভোলা পৌরসভার প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, “অবৈধ দোকান উচ্ছেদে গেলে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা পৌরসভার তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ চলছে। ভিডিও ফুটেজ দেখে দোষীদের বিরুদ্ধে মামলা করা হবে। উচ্ছেদ অভিযান চলমান থাকবে।”

ঘটনার পর ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, “ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদৎ মো. হাছনাইন পারভেজ জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তবে পৌরসভার অভিযানের বিষয়ে আগে থেকে পুলিশকে কিছু জানানো হয়নি, সহায়তাও চাওয়া হয়নি।”

স্থানীয়দের অভিযোগ, জেলা প্রশাসক, পুলিশ সুপার কার্যালয় ও থানার কাছাকাছি এলাকায় এমন অগ্নিকাণ্ড অত্যন্ত দুঃখজনক। থানার কয়েক মিটার দূরেই এ ঘটনা ঘটলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় এক ঘণ্টা সময় নেয়।

সংবাদটি শেয়ার করুন....