
বাবুগঞ্জ প্রতিনিধি,
বরিশালের বাবুগঞ্জে বিমানবন্দর এলাকার একটি নতুন নির্মাণাধীন ভবনে ছাদ ঢালাই করার সময় হঠাৎ করে ছাদ ভেঙে নিচে পড়ে যায়। এতে সেখানে কাজ করা কয়েকজন শ্রমিক আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনার পর সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছালে গেটের দায়িত্বে থাকা আনসার বাহিনীর সদস্যরা তাদের প্রবেশে বাধা দেন। এ সময় সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করেন এবং ঘটনাটির প্রকৃত তথ্য জানতে ব্যর্থ হন। ঘटनাস্থলে উপস্থিত ব্যক্তিরা জানান, ছাদ ঢালাইয়ের সময় সাধারণত একাধিক শ্রমিক কাজ করে থাকেন। তবে সাংবাদিকরা প্রবেশ করতে না পারায় কতজন শ্রমিক আহত হয়েছেন কিংবা কেউ নিহত হয়েছেন কি না—এ বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। নির্মাণকাজে নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কি না এবং দুর্ঘটনার কারণ সম্পর্কে জানতে চেষ্টা করা হলেও এখন পর্যন্ত কোনো দায়িত্বশীল ব্যক্তির মন্তব্য বা তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলে আশঙ্কা করছেন অনেকে। ঘটনাটি তদন্ত ও সঠিক তথ্য সংগ্রহের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।