• ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকবিরোধী অভিযানে গৌরনদী থেকে যুবদল নেতা আটক

Khan Arif
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৫, ১৪:২০ অপরাহ্ণ
মাদকবিরোধী অভিযানে গৌরনদী থেকে যুবদল নেতা আটক

বরিশাল প্রতিনিধি,

বরিশালের গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মাহতাবকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২ নভেম্বর) গভীর রাতে উপজেলার টরকী বাসস্ট্যান্ডের ঈগল কাউন্টারের পেছন থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদক সেবন ও ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টা থেকে মধ্যরাত পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে গৌরনদী মডেল থানার একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় ঘটনাস্থল থেকে তিন পিস ইয়াবা, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং পৌর যুবদল নেতা গোলাম মাহতাবকে হাতেনাতে আটক করা হয়।
গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল বলেন, “ওই স্থানে দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু যুবক মাদক সেবন ও বিক্রয়ে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোলাম মাহতাবকে আটক করা সম্ভব হয়েছে। যদিও তার কাছ থেকে সরাসরি ইয়াবা পাওয়া যায়নি, তবে তিনি মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এ বিষয়ে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, “মাদকবিরোধী অভিযানকালে টরকী বাসস্ট্যান্ডের ঈগল কাউন্টারের পেছন থেকে গোলাম মাহতাব নামের একজনকে আটক করা হয়েছে। এসআই জুয়েল বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতকে সোমবার সকালে বরিশাল কারাগারে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় গৌরনদী উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মনির হোসেন বলেন, “আমি শুনেছি, মাদক সেবনকালে গোলাম মাহতাবকে আটক করেছে পুলিশ। দল মাদক সেবন, বিক্রি বা কোনো ধরনের আশ্রয়-প্রশ্রয় দেয় না। কেউ দলের নাম ব্যবহার করে অপকর্মে জড়িত থাকলে এবং তা প্রমাণিত হলে দল তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।”

সংবাদটি শেয়ার করুন....