বিদ্যুৎস্পর্শে মৃত্যু, প্রবাসে ফেরা হল না রাজীবের

Khan Arif
প্রকাশিত November 9, 2025, 15:30 PM
বিদ্যুৎস্পর্শে মৃত্যু, প্রবাসে ফেরা হল না রাজীবের

নিজস্ব প্রতিবেদন,

মাত্র তিন মাস আগে প্রিয়জনদের সঙ্গে ঈদের ছুটি কাটাতে দেশে ফিরেছিলেন ব্রুনাইপ্রবাসী রাজীব হোসেন (৩২)। আর নয় দিন পরই আবার পাড়ি জমানোর কথা ছিল প্রবাসে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—আর ফেরা হলো না ব্রুনাইয়ে। রবিবার সকালে বিদ্যুৎস্পর্শে মৃত্যুবরণ করেছেন তিনি।

নিহত রাজীব বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠী গ্রামের মালেক সরদারের ছেলে। তার মৃত্যুর খবরে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, শখের বসে রবিবার সকালে নিজ পুকুরে মাছ ধরার জন্য মর্টার মেশিন দিয়ে পানি সেচ দিচ্ছিলেন রাজীব। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হন তিনি। পরিবার ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. টিপু সুলতান জানান, রাজীবকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। মৃত্যু নিশ্চিতের পর পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে গেছেন।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে কোনো লিখিত অভিযোগ পেলে তদন্ত করা হবে।”

রাজীবের অকাল মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম, প্রবাসে যাওয়ার স্বপ্ন চিরতরে নিভে গেছে এক তরুণের।

সংবাদটি শেয়ার করুন....