
নিজস্ব প্রতিবেদন,
আইনজীবীদের ‘টাউট—বাটপার’ বলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বরিশাল জেলা সদস্যসচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমন। মামলাটি গ্রহণ করে বিচারক মুহম্মদ হাবিবুর রহমান চৌধুরী অভিযুক্ত ফরহাদের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন।
মামলার বাদী অ্যাডভোকেট ইমন বলেন,“একজন সাবেক সংসদ সদস্য হিসেবে ফরহাদের এমন মন্তব্য শুধু আইনজীবী সমাজ নয়, পুরো দেশের পেশাজীবী সম্প্রদায়কে অপমানিত করেছে। তাঁর বক্তব্যে আমরা গভীরভাবে ক্ষুব্ধ ও মানহানির শিকার হয়েছি। তাই আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি।”
এর আগে একই কারণে গত রোববার বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকন ডিজিটাল নিরাপত্তা আইনে ফরহাদের বিরুদ্ধে মামলা করার আবেদন করেন। সেটি বর্তমানে আদালতে আদেশের অপেক্ষায় রয়েছে।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর বরিশাল—৩ (বাবুগঞ্জ—মুলাদী) আসনের কেদারপুর ইউনিয়নে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমানের নির্বাচনী সভায় বক্তৃতাকালে মেজবাহ উদ্দিন ফরহাদ আইনজীবীদের উদ্দেশে “টাউট—বাটপার” বলে মন্তব্য করেন।
ওই সভায় দলের ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট জয়নুল আবেদীনও উপস্থিত ছিলেন। বক্তব্যে ফরহাদ একটি প্রতারণার মামলার প্রসঙ্গে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমকে উল্লেখ করে ওই মন্তব্য করেন।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আইনজীবী মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে সমালোচনার মুখে ফরহাদ সংবাদ সম্মেলন করে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেন।