• ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনায় যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড, সন্দেহে আটক ৫

Khan Arif
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৫, ১৭:৫৩ অপরাহ্ণ
বরগুনায় যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড, সন্দেহে আটক ৫

নিজস্ব প্রতিবেদন,

বরগুনার আমতলী উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তা নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১২টা দিকে উপজেলার বাঁধঘাট চৌরাস্তা এলাকায় ‘স্বর্ণা পরিবহন’ নামের বাসে আগুন দেওয়া হয় বলে আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান।

বাসের ভেতরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসটির প্রায় ৭০ থেকে ৮০ ভাগ পুড়ে গেছে বলে আমতলী ফায়ার সার্ভিস স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. আবু হানিফ জানিয়েছেন।

তিনি বলেন, “স্বর্ণা পরিবহন নামের বাসটি সড়কের পাশে পার্কিং করে রাখা হয়েছিল। মধ্যরাতে হঠাৎ ওই বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। “মুহুর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।”

ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, বাসে অগ্নিসংযোগের ঘটনায় রাতে অভিযান চালিয়ে আমতলী থেকে পাঁচ জনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

আটকরা হলেন— আমতলী উপজেলা ছাত্রলীগের সহ—সভাপতি আতাউর রহমান রাসেল, যুগ্ম—আহ্বায়ক পারভেজ খান, মাদক ও চুরির ১১ মামলার আসামি আমতলী পৌর যুবলীগের সদস্য তন্ময় গাজী, পৌর ছাত্রলীগের সাবেক সদস্য কাওছার আহমেদ রনি ও সাবেক ছাত্রলীগ কর্মী কাওছার আহমেদ রনি।

বরগুনার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার বলেন, যেকোনো বিশৃঙ্খলা ও অপ্রিতীকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর রয়েছে। পুলিশের কয়েকটি টিম টহল দিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন....