• ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে রহস্যজনক একরাতে যুবলীগ নেতা সহ ৩ জনের মরদেহ উদ্ধার

Khan Arif
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২৫, ১৩:৫৫ অপরাহ্ণ
বরিশালে রহস্যজনক একরাতে যুবলীগ নেতা সহ ৩ জনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদন,

বরিশালের গৌরনদী উপজেলার তিনটি এলাকা থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এরমধ্যে দুইজন হত্যাকান্ডের শিকার এবং অপরজন আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা।

নিহতরা হলেন- উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মরহুম জাহাঙ্গীর হোসেন মাষ্টারের ছেলে ও উপজেলা যুবলীগের সদস্য আমিনুল ইসলাম (৪২), নলচিড়া ইউনিয়নের চর রমজানপুর গ্রামের মৃত সুধাংশ মন্ডলের স্ত্রী সবিতা মন্ডল (৫৫) ও নলচিড়া ইউনিয়নের বদরপুর গ্রামের আক্কাস হাওলাদারের স্ত্রী ইভা বেগম (২১)।

নিহত যুবলীগ নেতা আমিনুলের বোন জামাতা মিন্টু সরদার বলেন, শনিবার দিবাগত রাত দশটার দিকে হাত-মুখ ধোয়ার কথা বলে বাসা থেকে বের হয় আমিনুল। এরপর আর সে বাসায় ফেরেনি। রবিবার সকালে নিহতের বাড়ির সামনের পুকুর থেকে আমিনুলের লাশ উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আমিনুলকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে তার স্বজনরা অভিযোগ করেন। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিহত সবিতা মন্ডলের স্বজনরা অভিযোগ করে বলেন, শনিবার দিবাগত রাতে ঘরের দরজা-জানালা বন্ধ করে বাসায় একা ঘুমিয়ে ছিলেন সবিতা। রবিবার বেলা সাড়ে দশটার দিকেও সে ঘুম থেকে না ওঠায় বাড়ির লোকজন তাকে ডাকতে গিয়ে দেখেন ঘরের দরজা খোলা এবং আসবাবপত্র এলোমেলো। পরবর্তীতে বিছানায় সবিতা মন্ডলের লাশ দেখে থানা পুলিশকে খবর দেওয়া হয়।সংবাদপত্রের সাবস্ক্রিপশন

নিহতের স্বজনদের ধারনা, পূর্ব থেকে সংঘবদ্ধ চোর চক্রের সদস্যরা ঘরের মধ্যে লুকিয়ে ছিলো। রাতে সুযোগ বুঝে ঘরের মালামাল লুট করার সময় সবিতা বাঁধা প্রদান করায় তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে।

সবিতা মন্ডলের একমাত্র ছেলে সুকুমার মন্ডল গত দশদিন পূর্বে গ্রীস থেকে ছুটিতে বাড়িতে এসেছেন। গত তিনদিন পূর্বে স্ত্রীকে নিয়ে সে (সুকুমার) বোনের বাড়ি স্বরূপকাঠীর কুড়িয়ানায় বেড়াতে গিয়েছিলেন।

অপরদিকে নলচিড়া ইউনিয়নের বদরপুর গ্রামের আক্কাস হাওলাদারের চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ইভা বেগম (২১) শনিবার বিকেলে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফিরেই পরিবারের সবার অজান্তে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছেন নিহতের স্বামী আক্কাস।

নিহত ইভা মুলাদী উপজেলার কাচির চর গ্রামের আনোয়ার আকনের মেয়ে। গত পাঁচ মাস পূর্বে আক্কাসের সাথে তার বিয়ে হয়েছিলো। রাতে গৌরনদী উপজেলা হাসপাতাল থেকে ইভা বেগমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

মৃতের স্বামী নলচিড়া বাজারের মুদি ব্যবসায়ী আক্কাস হাওলাদার বলেন- খোঁজ নিয়ে জানতে পেরেছি ইভা বেগমের সাথে অন্য এক ছেলের পরকীয়া সম্পর্ক রয়েছে। ধারনা করা হচ্ছে পরকীয়া প্রেমিকের সাথে অভিমান করেই ইভা আত্মহত্যা করেছে।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান- তিনটি লাশই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রবিবার দুপুরে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। তিনি আরও বলেন, প্রতিটি ঘটনার গভীর তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন....